ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসরায়েলের আরোপিত মিডিয়া ব্ল্যাকআউট ভাঙতে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
শহিদুল আলম প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের বুকে ঝুলিয়ে নিয়েছেন জুলাইয়ে শহীদ হওয়া আবু সাঈদের ছবি। এর মাধ্যমে তিনি গাজার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দমন-নিপীড়নের মুখে সত্য তুলে ধরার অঙ্গীকার প্রকাশ করেছেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মীরা এই ফ্লোটিলায় অংশ নিচ্ছেন। তাদের দাবি, ইসরায়েলের অবরোধ ও সেনা হামলার কারণে গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, অথচ আন্তর্জাতিক মিডিয়া কাভারেজকে নানা উপায়ে বাধাগ্রস্ত করা হচ্ছে।
শহিদুল আলম জানিয়েছেন, “আমরা সত্যকে থামতে দেব না। গাজার মানুষ যেই নিপীড়নের শিকার হচ্ছে, সেটি বিশ্বকে জানাতেই এই যাত্রা।”
ফ্লোটিলা সংগঠকরা বলেন, গাজায় খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ করে গণহত্যার পরিবেশ তৈরি করা হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক সাংবাদিকদের উপস্থিতি ইসরায়েলের তথাকথিত “মিডিয়া নীরবতা” ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক মহলে এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে। মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকর্মীরা বলছেন, শহিদুল আলমের মতো প্রভাবশালী আলোকচিত্রীদের সম্পৃক্ততা গাজা ইস্যুতে নতুন করে বিশ্বচিন্তা জাগিয়ে তুলতে সহায়ক হবে।