ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসরায়েলের ধরপাকড় ও হস্তক্ষেপের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগোচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। ত্রাণবাহী প্রায় ৩০টি নৌযান বর্তমানে গাজা থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। সংগঠনটির পক্ষ থেকে টেলিগ্রামে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার রাতে গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এ সময় অন্তত আটটি নৌযান থামিয়ে দেওয়া হয়— দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে রয়টার্সের তথ্যমতে, মোট ১৩টি নৌযান থামানো হয়েছে।
এ সময় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজন অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা নিরাপদে রয়েছেন এবং তাঁদের একটি বন্দরে নেওয়া হচ্ছে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগ। এতে ৪০টির বেশি নৌযানে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের প্রায় ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরোধের কারণে উপত্যকাটিতে তীব্র খাদ্যসংকট তৈরি হয়েছে। অনাহারে দিন কাটাচ্ছেন গাজার সাধারণ মানুষ।
ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়। যদিও ইসরায়েল দাবি করে আসছে এ নৌবহরের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে, তবে এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি।
সবকিছু ঠিক থাকলে বহরটি বৃহস্পতিবার সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল। তবে ইসরায়েলের বাধার কারণে এখন সেটি অনিশ্চয়তায় পড়েছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


