ভেতরের খবর নিউজ ডেস্ক: কাতারের নিরাপত্তা নিশ্চিতে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহিঃবিশ্বের কোনো দেশ কাতারে হামলা চালালে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে,এমনই এক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। বুধবার (১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
নির্বাহী আদেশে বলা হয়, কাতারের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি-স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে।
ট্রাম্পের আদেশে কাতারকে যুক্তরাষ্ট্রের “অটল মিত্র” হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে দুই দেশের সেনাবাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এদিকে, দোহায় সাম্প্রতিক এক হামলায় কাতারের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমা প্রার্থনা করেছেন। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানিকে ফোন করে যৌথভাবে ক্ষমা চান নেতানিয়াহু।


