ভেতরের খবর নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশে বন্দী করে রাখা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুকে উদ্ধার করা হয়।
সিয়াম-উল-হক বলেন, ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে পাচারকারীরা মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী করে নির্যাতন চালাচ্ছিল। আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


