ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, যা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা।
আজ বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “কমিশনের প্রতিশ্রুতি ছিল নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু অবাক হয়ে দেখলাম, সুপারিশে সেগুলোর কোনো উল্লেখই নেই। এটা ঐক্য নয়, প্রতারণা।”
তিনি আরও বলেন, “এখন সময় ঐক্যের, বিভক্তির নয়। সত্যিকারের গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। যদি এর ব্যত্যয় ঘটে, তার দায় সম্পূর্ণ প্রধান উপদেষ্টাকেই নিতে হবে।”
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “নোট অব ডিসেন্ট বাদ দিয়ে কমিশন ঐক্যমতের কথা বললে তা গ্রহণযোগ্য নয়। ঐকমত্য ছাড়া কোনো সিদ্ধান্ত টেকসই হবে না।”
এসময় আরও উপস্থিত ছিলেন চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাংবাদিক শাহনাজ মুন্নী।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর