ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি, আমার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু, এর কোনো কারণ আমাকে জানানো হয়নি।”
মিলন আরও জানান, দলীয় নির্দেশে চিকিৎসা অসম্পূর্ণ রেখে তিনি ২৫ অক্টোবর ঢাকায় ফিরে আসেন এবং সাংগঠনিক কার্যক্রম শেষ করে ৩০ অক্টোবর পুনরায় চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার সময় এই নিষেধাজ্ঞার বিষয়টি জানতে পারেন।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে বিরোধীদলীয় নেতাদের বিদেশযাত্রা বন্ধ করা এক ধরনের নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো।
সরকারের উদ্দেশে মিলন প্রশ্ন রাখেন, “কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না?” তিনি আশা প্রকাশ করেন, ২৪ গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না এবং নাগরিক অধিকারের যথাযথ সুরক্ষা নিশ্চিত করবে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর