ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাঁর সরকারি বাসভবন ‘যমুনা’তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধানকে নির্বাচনের সময় দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব ইউনিট প্রস্তুত রয়েছে। প্রয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী।
এছাড়া, বৈঠকের শেষে তিন বাহিনীর প্রধান আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।