ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রথম আলো দায়িত্বশীলতার সঙ্গে দ্রুত সংবাদ প্রকাশ করছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন বলেন, ‘প্রথম আলো কোনো সংবাদ প্রকাশ করলে ধরে নিই, সংবাদটি ঠিক আছে।’
আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে দিনটি উদযাপন করছে দেশের শীর্ষ এই দৈনিক।
মানজুর-আল-মতিন বলেন, ‘যখন একটা নতুন খবর আসে, কেউ ব্রেকিং চালিয়ে দিয়েছে, আমরা প্রথমে অনলাইন খুলে দেখি আপনারা (প্রথম আলো) দিলেন কি না। যদি দেন, আমরা ধরে নিই—খবরটা ঠিক আছে।’
তিনি আরও বলেন, প্রথম আলোর এই মানদণ্ড ধরে রাখা জরুরি। সংবাদমাধ্যম যদি দ্রুততার তাগিদে ভুল করে, তাহলে তা বিপজ্জনক হয়ে ওঠে।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সারাদেশের কর্মীরা অংশ নেন। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সেরা কর্মীদের পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
নারী নিপীড়ন প্রসঙ্গে মানজুর-আল-মতিন বলেন, ‘এখন বাস্তবতা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত নারীরা ভীষণভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। প্রতিদিন সেটা ডান শিবির হোক, বাম শিবির হোক দিনের শেষে লক্ষ্যবস্তু একজন নারী।’
তিনি প্রথম আলোর প্রতি আহ্বান জানান, নিপীড়নের শিকার নারীদের পাশে থেকে আরও জোরালো অবস্থান নিতে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর