ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী মনে করছে, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্মি সদর দফতরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি বলেন, “আপনারা জানেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু গত ১৫ মাস ধরে আমরা মাঠে আছি। নির্বাচনের পরও হয়তো কিছুদিন দায়িত্বে থাকতে হবে। এতে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবুও আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করছি, এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ এর আগে দেখেনি।”
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, সেনাবাহিনী প্রধানসহ পুরো নেতৃত্বের প্রতি বাহিনীর প্রতিটি সদস্য অনুগত। মিথ্যা প্রচারের বিরুদ্ধে আলাদা কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই—মিথ্যাকে সত্যের মাধ্যমে প্রমাণ করাই যথেষ্ট।”
তিনি জানান, আসন্ন নির্বাচনের দায়িত্ব পালনে ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার সৈন্য মোতায়েন করা হবে।