ভেতরের খবর নিউজ ডেস্ক: দৈনিক প্রথম আলো-তে প্রকাশিত এনসিপি সংক্রান্ত প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,
“২০টি আসন ও তিনজনকে মন্ত্রী করার বিষয়ে প্রথম আলো-এর প্রকাশিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের সংকটকালে আগুনে ঘি ঢালার কাজ করছে প্রথম আলো। মতি ভাইকে বলব— হয় আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আপনাকে মনোনয়ন দেব।”
এর আগে একই দিন প্রথম আলো পত্রিকা ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা বা মন্ত্রিসভায় অংশ নেওয়ার দাবি সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন,“রাষ্ট্র সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন দিয়েছে।”
বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,“সংস্কার বাস্তবায়নের দায়িত্ব সরকারের। ব্যর্থ হলে সরকারের ম্যান্ডেট থেকে সরে যেতে হবে।”
এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,
“রাজনৈতিক অঙ্গনে বিভাজন দেখা দিয়েছে। ভিন্নমতকে ঐকমত্যে আনতে পারাই এখন সবচেয়ে বড় সফলতা।”
আর এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন,“রাজনৈতিক দলগুলোর আলোচনার কিছু নেই। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে।”