ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে বিকেলে নগরের চালিতাতলী এলাকায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সঙ্গে প্রচারণায় অংশ নেন সরোয়ার। হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় এরশাদ উল্লাহ, সরোয়ার ও শান্ত নামের তিনজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর সরোয়ারের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের গুলিতে সরোয়ার নিহত হন। নিহত সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, “গুলিতে আহত সরোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”
এর আগে গত ৩০ মার্চ বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় সরোয়ারকে হত্যার চেষ্টা করা হয়। তখনও তিনি গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান।
ছোট সাজ্জাদ বিদেশে পলাতক শিবির ক্যাডার বড় সাজ্জাদ আলীর অনুসারী। একসময় সরোয়ারও তাঁদের দলের অংশ ছিলেন, তবে ২০১৫ সালের পর থেকে তিনি আলাদা হয়ে যান।
বিএনপি বলছে, সরোয়ারের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপির প্রার্থীর জনসংযোগে শত শত লোক অংশ নেন। সরোয়ার সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ঘটনাটি সন্ত্রাসী দুই দলের পূর্ববিরোধের ফল।”
নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ জানান, আহত প্রার্থী এরশাদ উল্লাহ আশঙ্কামুক্ত আছেন। তাঁর পেটে ছররা গুলি লেগেছে, তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বিপদমুক্ত।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর