ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেললাইনে শুয়ে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত নেতা তাইফুল ইসলামের কর্মী–সমর্থকেরা। বুধবার সন্ধ্যায় লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দলটি প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তাইফুল ইসলামের সমর্থকেরা ক্ষুব্ধ হন। তাঁরা রেললাইনে শুয়ে প্রায় এক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কেন্দ্র তৃণমূলের মতামত উপেক্ষা করে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এ সময় তাঁরা ফারজানা শারমিনের মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলামকে প্রার্থী করার দাবি জানান।
অপরদিকে, ফারজানা শারমিন জানান, দলীয় সিদ্ধান্ত সবার মেনে নেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী পক্ষের নেতাকর্মীরাও একসময় তাঁর পাশে দাঁড়াবেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর