পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের উদ্যোগে মহাসমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা দুইটার কিছু পরে পল্টন মোড়ে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সমাবেশ ঘিরে দুপুর থেকে পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে মতিঝিল, আরামবাগ ও দয়াগঞ্জমুখী সড়কগুলোতেও তীব্র যানজট দেখা দিয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়ে এই সমাবেশের ডাক দিয়েছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।
দলগুলো হলো-বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমাবেশের সূচনা ঘোষণা করেন। এর আগে সকাল ১১টা থেকেই বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা পল্টন এলাকায় জড়ো হতে থাকেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের আমির ড. শফিকুর রহমানসহ আট দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, “সংস্কার দাবি ও সুষ্ঠু নির্বাচনী কাঠামো নিয়ে আজকের সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে জোরালো বার্তা পাঠানো হবে।”
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।