ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে, তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।”
আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তবে বক্তব্য ঘিরে গণমাধ্যমে ভিন্নভাবে খবর প্রকাশিত হলে সন্ধ্যায় বিএনপি মহাসচিব এক স্পষ্টীকরণ বিবৃতি পাঠান। বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলামের স্বাক্ষরিত ওই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আমি বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। শুধুমাত্র এই ইউনিয়নে যদি হয়রানিমূলক মামলা হয়, আমরা তা তুলে নেব। কিন্তু দেশব্যাপী মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেইনি।”
সভায় বিএনপির মহাসচিব আরও বলেন, “১৫ বছর ফ্যাসিস্ট সরকার আমাদের মিছিল-মিটিং করতে দেয়নি। যারা বিএনপির কাজ করে, তারা ভয় পেয়ে গেছে। এখন আমরা সেই ভয় কাটিয়ে উঠেছি।”
খালেদা জিয়ার প্রতিহিংসাহীন রাজনীতির আহ্বান তুলে ধরে তিনি বলেন, “আমরা শান্তির রাজনীতি করতে চাই। ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই।”
জামায়াতের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) দাবির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “আমরা এক ব্যক্তির এক ভোটের গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ভোটে এমপি হবে, দল নির্ধারণ করবে না।”
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “হিন্দু ভাইবোনেরা আতঙ্কে থাকবেন না। আমরা আপনাদের পাশে ছিলাম, থাকব। বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে এটাই আমাদের অঙ্গীকার।”
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা