ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই পাঁচ দলের সম্ভাব্য নির্বাচনী জোটের আলোচনা আপাতত ঝুলে গেছে।
বৃহস্পতিবার শাহবাগে জোটের আত্মপ্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যায়। এনসিপি ও গণ অধিকার পরিষদের মধ্যে কয়েকটি বিষয়ে অমতের পাশাপাশি ‘আপ বাংলাদেশ’-কে জোটে রাখার প্রশ্নে এনসিপির তীব্র আপত্তি তৈরি হয়।
গতকাল গভীর রাত পর্যন্ত ঢাকায় বিভিন্ন স্থানে কয়েক দফা বৈঠকে জোটের রূপরেখা, জোটে যুক্ত হওয়ার যৌক্তিকতা ও দল একীভূত করার প্রস্তাব নিয়ে মতবিরোধ দেখা দেয়। গণ অধিকারের নেতাদের মধ্যেও জোটে যোগ দেওয়া নিয়ে দ্বিমত রয়েছে।
রাত সাড়ে তিনটা পর্যন্ত চলা বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সকালে এনসিপি জানায় আজ জোট ঘোষণার কোনো সম্ভাবনা নেই; আলোচনা চলছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান জানান, পাঁচ দলের আলোচনাই নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোটের ভিত্তি। তবে জোট হলে তফসিল ঘোষণার আগেই হবে।
@ইয়াসমিন রিমা