ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। তিনি বলেন, তাঁর চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সরকার সব ধরনের সহযোগিতায় প্রস্তুত।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর অবস্থা অত্যন্ত সংকটময়।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ১১৭ দিন অবস্থানের পর তিনি গত ৬ মে দেশে ফেরেন।
@ইয়াসমিন রিমা