ভেতরের খবর নিউজ ডেস্ক: হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অবস্থিত ‘ওয়াং ফুক কোর্ট’ আবাসন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার অভিযান আজ শুক্রবার শেষ হওয়ার আশা করছে দমকল কর্তৃপক্ষ। প্রায় ৮০ বছরে এটি শহরের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড, যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
৪ হাজার ৬০০–এর বেশি মানুষের আবাস এই কমপ্লেক্সে সংস্কারকাজ চলছিল। পুরো এলাকা বাঁশের মাচা ও সবুজ নিরাপত্তা জালে ঢাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনিরাপদ নির্মাণসামগ্রী বিশেষত জানালায় দাহ্য ফোম বোর্ড ব্যবহারের অভিযোগে নির্মাণ প্রতিষ্ঠান ‘প্রেস্টিজ কনস্ট্রাকশন’-এর দুই পরিচালক ও এক প্রকৌশল পরামর্শককে অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
দমকল বিভাগের উপপরিচালক ডেরেক চ্যান জানান, সাতটি ভবনের প্রতিটি ইউনিটে ঢুকে শেষবারের মতো তল্লাশি চালানো হচ্ছে, যেন কেউ ভেতরে আটকেপড়া অবস্থায় না থাকে। এখনো সাহায্যের অনুরোধ জানিয়ে আসা ২৫টি ফোনকলের তিনটি জরুরি হিসেবে বিবেচিত হচ্ছে।
বাসিন্দারা জানাচ্ছেন, প্রচণ্ড তাপ, ঘন ধোঁয়া, ভেঙে পড়া মাচা ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দমকল সদস্যদের ওপরতলায় পৌঁছাতে হয়েছে। আটটি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৯০০ জন অবস্থান করছেন। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনদের খুঁজছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৪৮ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এটিই হংকংয়ে সবচেয়ে বড় প্রাণহানি। দমকল ও উদ্ধারকর্মীদের অভিযান শেষ পর্যায়ে, তবে নিখোঁজদের সন্ধানে উদ্বেগ রয়ে গেছে।
@ইয়াসমিন রিমা