হংকংয়ের তাই পো শহরের বহুতল আবাসিক ভবনগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। এ ঘটনায় ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সরকারি এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে ওয়াং ফুক কোর্ট এলাকার একাধিক আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে এখনো ৭০০ জনের বেশি দমকলকর্মী কাজ করছেন।
আগুন লাগা ভবনগুলোতে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন। আগুনের সময় তাঁদের অনেকেই ঘরের ভেতর আটকে পড়েন। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পো জেলা কাউন্সিলর মুই সিউ-ফুং বিবিসি চায়নিজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক হাজারেরও বেশি বাসিন্দাকে পাশের একটি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার তৎপরতা আরও সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।