ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থা এখনো সেই ধকল সহ্য করার মতো নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করা হবে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জানায়, তাঁর বিদেশে চিকিৎসা প্রয়োজন। তবে শারীরিক দুর্বলতার কারণে এখনই নেওয়া সম্ভব নয়।
পরিবার লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে এবং এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। এদিকে বিএনপি মহাসচিব হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানান। তারেক রহমানের দেশে না ফেরার বিষয়টি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই; তাঁর ফেসবুক পোস্টই এ বিষয়ে তাঁর বক্তব্য।
@ইয়াসমিন রিমা