ভেতরের খবর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে প্রেমজনিত বিরোধের জেরে মোছা. মরিয়ম বেগম (৪৮) হত্যার ঘটনায় জড়িত সোহেল রানাকে মাত্র আট ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ তথ্য জানান।
পুলিশ জানায়, প্রবাসফেরত মরিয়ম বেগমের সঙ্গে দুই থেকে তিন বছর আগে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের বিষয়ে চাপ সৃষ্টি করলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। গত ৫ ডিসেম্বর কাশিয়াহাটা এলাকায় দেখা হলে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেল ক্ষুব্ধ হয়ে মরিয়মকে শ্বাসরোধে হত্যা করে পাশের কলাবাগানের ড্রেনে ফেলে পালিয়ে যায়।
রোববার (৭ ডিসেম্বর) স্থানীয়রা কলাবাগানে মরিয়মের চোখ উপড়ানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
@ইয়াসমিন রিমা


