ভেতরের খবর নিউজ ডেস্ক: রাশিয়ার মস্কোর পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই প্রাণ হারিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এএন–২২ সামরিক পরিবহন বিমান পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে দুর্ঘটনার কবলে পড়ে। মন্ত্রণালয় জানায়, মেরামতকাজ শেষ হওয়ার পর উড্ডয়ন করা বিমানটি অল্প সময়ের মধ্যেই বিকল হয়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকর্মীরা বিমানের ধ্বংসাবশেষ থেকে কোনো আরোহীকে জীবিত অবস্থায় পাননি।
রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা তাস জানায়, বিমানে সাতজন ক্রু ছিলেন। যদিও রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আরোহীর সংখ্যা উল্লেখ করেনি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি আকাশে নিয়ন্ত্রণ হারায়। রাশিয়ার দৈনিক কোমারসান্তও জানায়, পাঁচ দশকের বেশি সময় ব্যবহৃত উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আইভানোভো অঞ্চলটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। রুশ–ইউক্রেন যুদ্ধের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে—এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
গত চার বছরে ইউক্রেন যুদ্ধের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়ায় সামরিক পরিবহন ও সরঞ্জাম–সম্পর্কিত দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।