ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি,তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। তার আগেই দুই উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল তাঁরা সরকারকে বিষয়টি অবহিত করেন।
আজ দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি সেখানে পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
সরকারি সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি তাঁদের পদত্যাগের পরামর্শ দেওয়া হলেও দুই উপদেষ্টা সময় চেয়েছিলেন। শেষ পর্যন্ত তফসিল ঘোষণার আগে তাঁদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে জায়গা পান। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হন, আর তাঁর স্থলাভিষিক্ত হন মাহফুজ আলম। এনসিপিতে আনুষ্ঠানিক পদ না থাকলেও মাহফুজ ও আসিফ দু’জনেরই প্রভাব রয়েছে।
আসন্ন নির্বাচনে আসিফ মাহমুদের সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর মাহফুজ আলমের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।
দুই উপদেষ্টা এনসিপির মনোনয়ন নেবেন কি না এ নিয়েও রাজনৈতিক মহলে গুরুত্বসহকারে নজর রাখা হচ্ছে।
@ইয়াসমিন রিমা