ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে সার্ক ফোয়ারা মোড়ে হঠাৎ করে এই অবরোধ গড়ে ওঠে। এতে এ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথমে কাঠ, বাঁশ ও টায়ার জড়ো করে সড়কের ওপর আগুন ধরিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় উত্তেজিত অবস্থায় কিছু বিক্ষোভকারী আশপাশের যানবাহনে ভাঙচুরও চালান বলে জানা যায়।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর ব্যবস্থায় অনিয়ম, একচেটিয়া সিন্ডিকেট ও আমদানিতে অস্বচ্ছতার কারণে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উন্মুক্ত আমদানির সুযোগ করে দেওয়া এবং বাজারে সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়ে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ঘটনাস্থলে থাকা তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী বলেন, “মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করছে বলেও তিনি জানান।
সড়ক অবরোধের কারণে কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি ও বাংলামোটর-মুখী সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। অফিস শেষে ঘরমুখো মানুষদের দীর্ঘসময় আটকে থাকতে হচ্ছে।