ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদকে গভীর গর্তে পড়ে যাওয়ার পর ২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার সম্ভব হয়নি। গতকাল বুধবার দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। বিকেল থেকে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করলেও আজ দুপুর আড়াইটায় পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, মূল গর্তের পাশ থেকে কেটে ৪৫ ফুট পর্যন্ত নেমেও শিশুটিকে পাওয়া যায়নি। সার্চ ক্যামেরাও ৪৫ ফুটের নিচে যেতে পারছে না। প্রয়োজনে খনন ১০০ ফুট পর্যন্ত চালানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
স্থানীয়রা জানায়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ওই এলাকায় গভীর নলকূপ বসানো নিষিদ্ধ। তবে একজন ব্যক্তি পানি আছে কি না দেখতে গর্ত খনন করে তা ভরাট করেছিলেন। বর্ষায় মাটি বসে গিয়ে আবার গর্ত তৈরি হয় এবং সেখানেই পড়ে যায় শিশুটি।
উদ্ধারে ফায়ার সার্ভিসের তিন ইউনিট, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। এখন পর্যন্ত শিশুটি আরও গভীরে সরে গেছে বলে ধারণা করা হচ্ছে।
@ইয়াসমিন রিমা