ভেতরের খবর নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে বিরু মোল্লা (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, সম্পত্তি বিরোধের জেরে তার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাকে গুলি করেন। বিরু মোল্লার ছেলে রাজিব মোল্লা জানান, জমি দখল ও মাটি কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রকাশ্যে গুলি করা হয়, এতে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা