ভেতরের খবর নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী আন্দ্রি ইয়ারমাককে সরিয়ে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর-এর প্রধান কিরিলো বুদানভকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের জন্য নিরাপত্তা ইস্যু ও প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার পথ সুগম করতে কিরিলো বুদানভের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
৩৯ বছর বয়সী কিরিলো বুদানভ ২০২০ সাল থেকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিয়ে আসছেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে একাধিক দুঃসাহসিক ও কৌশলগত অভিযানের নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব রয়েছে তার নামে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক টেলিগ্রাম বার্তায় বুদানভ বলেন, দেশের এই ঐতিহাসিক সময়ে কৌশলগত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় সম্মান এবং একই সঙ্গে গভীর দায়িত্বের বিষয়।
প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা দিমিত্র লিটভিন জানিয়েছেন, বুদানভকে আনুষ্ঠানিকভাবে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।
@ইয়াসমিন রিমা


