ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী হলফনামায় তিনি নিজের আয়, সম্পদ ও ব্যয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
হলফনামা অনুযায়ী, রুমিন ফারহানার কাছে বর্তমানে নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় ৩২ লাখ টাকা। নির্বাচনী প্রচারণায় তিনি ২০ লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা করেছেন। পাশাপাশি, প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
বিএনপির সাবেক এই সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার বার্ষিক আয় প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে দেখিয়েছেন। উত্তরাধিকার সূত্রে তার চট্টগ্রামে পাঁচ কাঠা জমি এবং ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার মালিকানায় রয়েছে ১০ ভরি স্বর্ণ।
২০১৯ ও ২০২৫ সালে জমা দেওয়া দুটি হলফনামা তুলনা করে দেখা যায়, এই ছয় বছরে রুমিন ফারহানার বার্ষিক আয় ২২ গুণের বেশি বেড়েছে। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় তার বার্ষিক আয় ছিল চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে রুমিন ফারহানার অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
@ইয়াসমিন রিমা