ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানালেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির বিরোধী দলের নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। তিনি বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রমাণ করেছেন যে তিনি শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য।

সোমবার রাতে কারাকাসের স্থানীয় সময় মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন মাচাদো। তিনি যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়ার ঘটনাকে ‘মানবতার জন্য একটি বড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ এনে বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ঘটনার পর ভেনেজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। চীনও একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে।
সাক্ষাৎকারে মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেন, নিকোলা মাদুরো সরকার দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার নির্বাচনব্যবস্থা নিয়ন্ত্রণ করে আসছে। নিরাপত্তাজনিত কারণে তিনি কয়েক মাস আত্মগোপনে থাকলেও দ্রুত দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ওপর আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকার জন্য ২০২৫ সালে মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পান।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *