ভেতরের খবর নিউজ ডেস্ক: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশন (ওএইচসিএইচআর)।
জেনেভায় সাংবাদিকদের উদ্দেশে সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেওয়া কিংবা বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থি।”
এই মন্তব্য আসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর, যেখানে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশও ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত সামরিক অভিযানের সমালোচনা করে।
ফ্রান্স সবচেয়ে স্পষ্ট অবস্থান নেয়। দেশটির জাতিসংঘে স্থায়ী উপ-প্রতিনিধি জয় ধর্মাধিকারী বলেন, যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির নীতির পরিপন্থি এবং বলপ্রয়োগ না করার নীতিও লঙ্ঘন করে।
এদিকে টানা চতুর্থ দিনের মতো চীনও ট্রাম্পের ‘বেপরোয়া’ পদক্ষেপের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।
উল্লেখ্য, নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরেই চীনকে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে আসছেন।


