ভেতরের খবর নিউজ ডেস্ক: সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এর ফলে সারাদেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিপণন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।
বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়। এর আগে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, অভিযান ও জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সংগঠনের নেতারা।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধ রাখা হবে। আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পরই সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়া হয়।
এদিকে এলপিজি বিক্রি বন্ধ থাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে রান্না ও জ্বালানি ব্যবস্থায় ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।