জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয়, ২১ পদের মধ্যে ১৬টিতে বিজয়

ভেতরের খবর নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) মোট ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
বুধবার দিবাগত রাত একটার দিকে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পাঁচটি পদে জয় পেয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। জিএস পদে আবদুল আলীম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এজিএস পদে মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদেও জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল সাহিত্য ও সংস্কৃতি, পরিবহন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক এই তিনটি সম্পাদকীয় পদে বিজয়ী হয়েছে।
কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। সর্বোচ্চ ভোট পান ফাতেমা আক্তার (অওরিন)। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে দুইজন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল সংসদের ভিপি, জিএস ও এজিএস পদেও ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন।
ফলাফল ঘোষণার পর শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষে ক্যাম্পাসে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণের পর ওএমআর যন্ত্রে ভোট গণনায় কারিগরি ত্রুটি দেখা দিলে গণনা সাময়িক স্থগিত হয়। পরে হাতে গোনা ব্যালট ও পুনরায় যন্ত্রে যাচাইয়ের মাধ্যমে বুধবার ভোরে গণনা সম্পন্ন করা হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *