ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সিআইডির পক্ষে আবেদনটি করেন পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান।
আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ অনুযায়ী, অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করে তা সম্পদ অর্জন ও ভোগবিলাসে ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে এবং অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ব্যাংক হিসাবগুলোতে জমা থাকা অর্থ অবরুদ্ধ করা প্রয়োজন এমন যুক্তিতে আদালত হিসাবগুলো অবরুদ্ধের নির্দেশ দেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মার্চ খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।
@ইয়াসমিন রিমা