ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করে নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।
রোববার রাতে নোয়াখালী আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জাকারিয়া–তুহিন চৌধুরী প্যানেলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ৩১ তারিখ ভোর ৬টা থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত সারা বাংলাদেশ যা দেখেছে এবং ২৫ তারিখ বিমানবন্দর থেকে দীর্ঘ ছয় ঘণ্টার যাত্রা শেষে ৩০০ ফিটে কাউকে আসতে যারা প্রত্যক্ষ করেছে সেই সচেতন জনগণ কোনো দিন ধর্মব্যবসায়ীদের ভোট দেবে না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ জেলা ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনজীবীদের কল্যাণ এবং আইনজীবী সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে অংশগ্রহণ করে জাকারিয়া–তুহিন চৌধুরী প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান নেতারা।
সভায় জেলা বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা