ভেতরের খবর নিউজ ডেস্ক: মেট্রোরেলের স্থায়ী কার্ড এখন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রিচার্জ করা যাচ্ছে। এ জন্য ‘র্যাপিড পাস’ নামের অ্যান্ড্রয়েড অ্যাপটি গুগল প্লে স্টোরে চালু করা হয়েছে। যদিও আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি এখনো চালু হয়নি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই আইওএস সংস্করণও উন্মুক্ত করা হবে।
সোমবার তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সড়ক ও রেলপথ মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মশিউর রহমান এবং সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার। যদিও অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আজ, তবে গত ১ জানুয়ারি থেকেই এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
এর আগে গত ২৫ নভেম্বর ডিটিসিএর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সেবা চালু করা হয়েছিল। নতুন এই অ্যাপ যুক্ত হওয়ায় র্যাপিড ও এমআরটি পাস ব্যবহারকারীরা যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে নিরাপদে কার্ড রিচার্জ করতে পারবেন।
অ্যাপের মাধ্যমে কার্ড রিচার্জ ছাড়াও ব্যবহার সংক্রান্ত তথ্য দেখা যাবে। বিকাশ ও রকেটসহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা যোগ করা যাবে। পাশাপাশি ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স কার্ডে রিচার্জ সুবিধা চালুর কাজ চলমান রয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথমবার ব্যবহারকারীদের অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করতে হবে। ওয়েবসাইটে নিবন্ধিতরা একই লগইন তথ্য ব্যবহার করতে পারবেন। একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। রিচার্জের পর স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে কার্ড ছোঁয়াতে হবে। সফল হলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ জানানো হবে।
তবে ব্ল্যাকলিস্ট, রিফান্ডেড বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না। সাত দিনের মধ্যে রিচার্জ বাতিল করা গেলে টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকলেও সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।
@ইয়াসমিন রিমা