ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারি সিলেট সফরকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। দলের প্রথম নির্বাচনী সভা হিসেবে এই কর্মসূচিতে কমপক্ষে তিন লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়েছে বিএনপি। সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা ও মাঠপর্যায়ের প্রচারণা জোরদার করেছে।
২২ জানুয়ারি সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান নির্বাচনী প্রচার শুরু করবেন। পরে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এই সভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি প্রার্থীরা উপস্থিত থাকবেন।
জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় অংশ নেবেন। সেখানে সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
বিএনপির নেতারা বলছেন, এই সফর ও জনসভাগুলোকে কেন্দ্র করে সিলেটজুড়ে বড় ধরনের নির্বাচনী শোডাউন করার পরিকল্পনা রয়েছে। শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে কর্মসূচি সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে নেতা-কর্মীদের।