ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
তিনি জানান, মনোনয়নপত্র বাতিল হওয়ায় দু’টি আসন বাদ দিয়ে মোট ২৬৮টি আসনে ইসলামী আন্দোলনের বৈধ প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন এবং তারা কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২টি আসনে দলটি সমর্থন দেবে। তবে কোন দলকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, অভ্যুত্থানের পর দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠার লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ইসলামপন্থী শক্তির জন্য ‘একটি ভোট একটি বাক্স’ বা ‘ওয়ান বক্স পলিসি’ ঘোষণা করেছিলেন। এ ঘোষণায় মানুষের মধ্যে আশার জাগরণ তৈরি হলেও পরবর্তীতে কিছু ইসলামপন্থী শক্তি রাজনৈতিক স্বার্থে ওই নীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। এতে তারা ব্যথিত ও মর্মাহত বলেও জানান।
ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও বলেন, দলটি কারও সহযোগী হয়ে নয়, বরং একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। স্বাধীনতার পর থেকে নির্বাচনে যে কলঙ্ক তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে তারা সমঝোতা, ভাগাভাগি বা ‘সিলেকশনের’ নির্বাচন চায় না। তবে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না সে বিষয়ে আশঙ্কা থেকেই নিজেদের অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করা হয়েছে বলে জানান তিনি।
@ইয়াসমিন রিমা