ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতেই মামলাটি করা হয় বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাবির জনসংযোগ দপ্তর। তবে মামলায় কতজনকে বা কাদের আসামি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন। এ ছাড়া শিক্ষা উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রসচিবের কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বাধা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে প্রক্টরিয়াল বডি ও পরিবহন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসটি উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজন আহত হন। এর প্রতিবাদে সন্ধ্যায় ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। খবর পেয়ে উপাচার্য ও ডাকসু নেতারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দাবিগুলো শোনেন। উপাচার্যের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন