ভেতরের খবর নিউজ ডেস্ক: নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের কোনো জবাব দেননি বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলাম। বিসিবির শৃঙ্খলা কমিটির বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শনিবার বেলা ১১টায় শেষ হলেও এ সময়ের মধ্যে তিনি কোনো লিখিত ব্যাখ্যা জমা দেননি বলে বোর্ড সূত্র নিশ্চিত করেছে।
বিসিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো বিষয়টি এখন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের নজরদারিতে রয়েছে। শোকজের জবাব না আসায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে বোর্ডের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
সম্প্রতি ক্রিকেটারদের পারফরম্যান্স ও পারিশ্রমিক নিয়ে এম নাজমুল ইসলামের কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্রিকেটাররা মন্তব্যগুলোকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে বিপিএল বয়কটের ঘোষণাও দেন। পরিস্থিতি সামাল দিতে বিসিবি তাৎক্ষণিকভাবে নাজমুল ইসলামকে অর্থ বিভাগের চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ পাঠায়।
জানা গেছে, শোকজের জবাব দেওয়ার পরিবর্তে নাজমুল ইসলাম উল্টো বোর্ড কেন তাকে নোটিশ পাঠিয়েছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন। বোর্ডের একাধিক পরিচালক তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। এদিকে ক্রিকেটাররা শুরু থেকেই তার স্থায়ী পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় ক্রিকেটারদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রিকেট প্রশাসনে একজন পরিচালকের এমন আচরণ এবং ক্রিকেটারদের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়ানোকে সংশ্লিষ্টরা ‘নেতিবাচক নজির’ হিসেবে দেখছেন। এখন দেশের ক্রিকেট অঙ্গনের দৃষ্টি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের পরবর্তী সিদ্ধান্তের দিকে।
@ইয়াসমিন রিমা