ভেতরের খবর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে উঠান বৈঠকে বাধা দেওয়াকে কেন্দ্র করে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গুগদ) গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হাসান খান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বৈঠকের পাশে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে রুমিন ফারহানাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশে কড়া ভাষায় কথা বলতে শোনা যায়। এ সময় তাঁর অনুসারীরাও বিভিন্ন স্লোগান ও মন্তব্য করতে থাকেন। পরে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেন, যা রুমিন ফারহানার এক অনুসারী পরিশোধ করেন।
রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, তাঁর প্রতিপক্ষ নিয়মিত স্টেজ ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে আইন ভঙ্গ করলেও প্রশাসন সেখানে ব্যবস্থা নিচ্ছে না। বরং তাঁর হ্যান্ডমাইকে করা উঠান বৈঠকেই বারবার বাধা ও জরিমানা করা হচ্ছে।
অন্যদিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বলেন, আচরণবিধি ভঙ্গের কারণেই জরিমানা করা হয়েছে এবং আইন সবার জন্য সমান। অভিযোগ থাকলে তা লিখিতভাবে দেওয়ার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।
@ইয়াসমিন রিমা