ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে এক তরুণীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তরুণীর নাম সাদিয়া রহমান মীম (২৭)। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের কালা চাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত মীম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত শহীদ আলী। তিনি একটি বারে ডান্স করতেন এবং পাশাপাশি একটি পার্লারের ব্যবসাও পরিচালনা করতেন।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ফ্ল্যাট থেকে মীমের জবাই করা লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, ওই ফ্ল্যাটে মীমের সঙ্গে আরেক তরুণী বসবাস করতেন। তবে লাশ উদ্ধারের সময় তাকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ বলেন, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে—শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যেকোনো সময় তাকে জবাই করে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, সে বিষয়ে মতামতের জন্য ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে জানতে চাওয়া হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।