ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তাঁর চলন্ত বুলেটপ্রুফ গাড়ির গায়ে ‘রহস্যময়’ একটি কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ করে তারেক রহমানের চলন্ত গাড়ির কাছে এসে কাগজটি সেঁটে দেন এবং সঙ্গে সঙ্গে দ্রুত সেখান থেকে চলে যান। কাগজটিতে কোনো লেখা পাওয়া যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পরে পুলিশ নিজেরাই জিডি করে তদন্ত কার্যক্রম শুরু করে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে একজন মোটরসাইকেল আরোহীকে গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যেতে দেখা গেছে। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় এখনো ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা