ভেতরের খবর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। গতকাল রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ আদেশ দেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় সশরীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় ৪০০ থেকে ৫০০ জনের উপস্থিতিতে রুমিন ফারহানা একটি বড় মঞ্চ নির্মাণ করে মাইক ব্যবহার করে নির্বাচনী জনসভা করেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর লঙ্ঘন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
নোটিশে আরও বলা হয়, এ ঘটনায় ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনায় বিঘ্ন ঘটেছে।
উল্লেখ্য, একই ঘটনায় শনিবার রাতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে চিঠি পাঠানো হয়েছে।
@ইয়াসমিন রিমা