ভেতরের খবর নিউজ ডেস্ক: কলম্বিয়ার মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুটি বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামাজনের গুয়াভিয়ার অঞ্চলের এল রেতোর্নো পৌরসভার গ্রামীণ এলাকায় রোববার এ সংঘর্ষ ঘটে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ।
সামরিক সূত্র জানায়, কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়ায় কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)-এর দুটি ভিন্নধারার গোষ্ঠী। একটির নেতৃত্বে রয়েছেন দেশটির শীর্ষ তালিকাভুক্ত পলাতক নেতা নেস্তর গ্রেগোরিও ভেরা ওরফে ‘ইভান মরদিস্কো’, অন্যটির নেতৃত্বে আলেক্সান্ডার দিয়াজ মেন্দোজা ওরফে ‘কালার্কা কর্দোবা’।
সামরিক কর্মকর্তাদের দাবি, নিহত ২৭ জনই মরদিস্কোর নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য। ২০২৪ সালের এপ্রিল মাসে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই দুটি গোষ্ঠী আলাদা হয়ে যায়। দিয়াজের গোষ্ঠী বর্তমানে বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত থাকলেও মরদিস্কোর গোষ্ঠী সরকার ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।
নির্বাচন সামনে রেখে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চাপ বাড়িয়েছে সরকার। এর আগে নভেম্বরে এক অভিযানে মরদিস্কোর গোষ্ঠীর ১৯ সদস্য নিহত হয়। প্রেসিডেন্ট পেত্রো মরদিস্কোকে কুখ্যাত মাদকসম্রাট পাবলো এসকোবারের সঙ্গে তুলনা করেছেন।
ছয় দশকের বেশি সময় ধরে চলা কলম্বিয়ার সশস্ত্র সংঘাতে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ মানুষের প্রাণহানি হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মাদক পাচার ও অবৈধ খনন এই সংঘাতের প্রধান অর্থের উৎস হিসেবে বিবেচিত।