করাচির গুল প্লাজা অগ্নিকাণ্ড: ধ্বংসস্তূপে উদ্ধারকাজ, নিখোঁজ ৫৭ জনের প্রাণহানির আশঙ্কা

ভেতরের খবর নিউজ ডেস্ক: পাকিস্তানের করাচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গুল প্লাজা শপিং মলের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন দমকল ও উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও অন্তত ৫৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার গভীর রাতে করাচির ব্যস্ত ব্যবসায়িক এলাকায় অবস্থিত গুল প্লাজায় আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই দিন ধরে জ্বলতে থাকা আগুনে ১,২০০টির বেশি দোকান সম্বলিত বিশাল শপিং কমপ্লেক্সটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিয়ের পোশাক, খেলনা, বাসনপত্রসহ নানা পণ্যের জন্য পরিচিত এই মার্কেটটি করাচির অন্যতম বড় বাণিজ্যকেন্দ্র ছিল।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানায়, এখন পর্যন্ত ৮৪ জন নিখোঁজের তথ্য নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে নিহতদের সংখ্যাও অন্তর্ভুক্ত। পুলিশ বলছে, অধিকাংশ নিখোঁজ ব্যক্তির মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। এখনো ধ্বংসাবশেষ সরিয়ে মরদেহ উদ্ধারের কাজ চলছে।

ঘটনাস্থলে অপেক্ষায় থাকা স্বজনদের কান্না আর ক্ষোভে ভারী পরিবেশ। ৭৭ বছর বয়সী সাফিয়া জানান, তার ২৫ বছর বয়সী নাতি চার্চিল ঘটনার দিন পারিবারিক দোকানে কাজ করছিলেন। রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হলেও পরদিন সকালে আগুনের খবর পান তিনি। “দিন-রাত এখানে বসে আছি, কোনো খবর নেই,” বলেন তিনি।

এদিকে স্থানীয় দাতব্য সংস্থাগুলো উদ্ধারকর্মী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার, পানি ও চিকিৎসা সহায়তা দিচ্ছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পুলিশ জানায়, সোমবার পর্যন্ত অন্তত ১৫টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিলম্ব এবং নিরাপত্তা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকেই অভিযোগ করেছেন, আগুন লাগার সময় মলের ১৬টি প্রবেশপথের মধ্যে ১৩টিই তালাবদ্ধ ছিল, যার ফলে ভেতরে আটকে পড়া মানুষ বের হতে পারেননি।

সরকার অগ্নিকাণ্ডের কারণ ও উদ্ধার তৎপরতা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এটি করাচিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। এর আগে ২০১২ সালে একটি শিল্পকারখানায় আগুনে দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *