ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে নেতাকর্মীদের সামনে থিম সংটি বাজানো হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেত্রীবৃন্দকে সঙ্গে নিয়ে থিম সংটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের ভয়াবহতায় বিগত সময়ে দেশের নির্বাচনী আমেজ অনেকটাই ম্লান হয়ে পড়েছিল। একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে এই থিম সং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার প্রত্যয়ে নির্মিত এই নির্বাচনী থিম সং দলের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। নির্বাচনের মাঠে থিম সংটির প্রচারণার মাধ্যমে বিএনপির রাজনৈতিক ভিশন সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছাবে বলেও তারা উল্লেখ করেন।
গান ও স্লোগাননির্ভর এই থিম সং আসন্ন নির্বাচনে ভোটের মাঠে ভিন্নমাত্রার প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।