ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল বহাল থাকায় নির্বাচনী মাঠে অনেকটাই একক অবস্থানে চলে এসেছেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিট খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আসনটিতে হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীক পেয়েছেন। বিএনপির পক্ষ থেকে আর কোনো প্রার্থী মনোনয়ন না নেওয়ায় এবং কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী না থাকায় বিএনপি কার্যত নির্বাচনের বাইরে রয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। এছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী মনোনয়ন প্রত্যাশী হলেও মনোনয়ন না পেয়ে ফরম কেনেননি।
হাসনাত আবদুল্লাহর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসীম উদ্দিন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল), খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা)।
বুধবার দুপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ বিষয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া বলেন, এটি সম্পূর্ণ আইনি বিষয়, আমাদের প্রার্থী শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।
@ইয়াসমিন রিমা