ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তিনি ভোটারদের শুধু ভোট দিয়েই না চলে গিয়ে কেন্দ্রে অবস্থান করে ভোটের সঠিক হিসাব নিশ্চিত করার আহ্বান জানান।
সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় এক নির্বাচনী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গত ১৫–১৬ বছর মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ভোট সুষ্ঠু করতে সবাইকে সচেতন থাকতে হবে। ১২ তারিখ ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
সমাবেশে হাতিয়ার নদীভাঙন, বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের খাসজমি বরাদ্দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার দাবি তুলে ধরা হয়। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
তিনি বিএনপির প্রার্থী মাহাবুবের রহমান শামীমকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। পাশাপাশি বিএনপির পরিকল্পনার মধ্যে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের ‘কৃষি কার্ড’, তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের কথাও তুলে ধরেন।
@ইয়াসমিন রিমা