ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী প্রচারে একই ধরনের হামলার অভিযোগ উঠেছিল।
দলীয় সূত্র জানায়, একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে কলেজে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি কর্মীদের নিয়ে কলেজ ভবনের একটি বারান্দায় আশ্রয় নেন। পরে কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে প্রতিবাদ জানান। এ সময় তাঁর কর্মীরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন।
ঘটনার পর সাংবাদিকদের কাছে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ছাত্রদল এই হামলা চালিয়েছে। তবে তাঁর দাবি, “এরা অরিজিনাল ছাত্রদল নয়, মির্জা আব্বাসের আলাদা বাহিনী এখানে কাজ করছে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘটনার জন্য বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এটি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ দমনের কৌশল। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর ভাষ্য, হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। তখন তিনি চাঁদাবাজদের দায়ী করেছিলেন। তিন দিনের মাথায় ফের ডিম নিক্ষেপের ঘটনা নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় তরুণদের নেতৃত্বে গঠিত এনসিপি, জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সেই জোটের প্রার্থী হিসেবে ঢাকা–৮ আসনে গণসংযোগ চালাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
@ইয়াসমিন রিমা