ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):ঢাকা-৮ আসনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলিতে সংযম ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন।
তিনি বলেন, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনি প্রচারণার বিধিসম্মত সময় শুরু হওয়ার অনেক আগেই ভোট চাইতে শুরু করেন। তার বক্তব্য ও আচরণে রাজনৈতিক শালীনতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে, যা জনমনে আলোচনার সৃষ্টি করেছে।
মাহাদী আমিনের মতে, বিভিন্ন সময়ে দেশি-বিদেশি শ্রোতার সামনে বিএনপির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য, ভোটারের সঙ্গে উত্তেজনাপূর্ণ আচরণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে ধারাবাহিক অসত্য প্রচার—এসবই মূলত আলোচনায় থাকার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে লক্ষ্য করে একাধিকবার অশালীন মন্তব্য করা হলেও তিনি রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দিয়ে অত্যন্ত ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।
সাম্প্রতিক ডিম নিক্ষেপের ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে মাহাদী আমিন বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সঙ্গে কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই বিএনপি নেতৃত্বের নাম জড়িয়ে দেওয়া দায়িত্বশীল রাজনীতির পরিপন্থী।
তিনি উল্লেখ করেন, হাবিবুল্লাহ বাহার কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে—নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে আমন্ত্রিত ছিলেন না এবং সাধারণ শিক্ষার্থীরাই তার প্রবেশে আপত্তি জানিয়েছিল।
এমন পরিস্থিতিতে কারা ঘটনার সঙ্গে জড়িত ছিল, কীভাবে সেখানে ডিম প্রস্তুত ছিল এবং ঘটনার প্রকৃত উৎস কী—এসব প্রশ্নের উত্তর না খুঁজে সরাসরি বিএনপি ও এর শীর্ষ নেতাদের জড়িয়ে অভিযোগ তোলা রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
মাহাদী আমিন বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া একটি অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ, যা অতীতেও বাংলাদেশে নেতিবাচক পরিণতি ডেকে এনেছে।
শেষে তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এটিকে যেন অযৌক্তিক নাটকীয়তা, বিভ্রান্তি বা উত্তেজনার মঞ্চে পরিণত করা না হয়—সে বিষয়ে সকল রাজনৈতিক পক্ষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।