ভেতরের খবর নিউজ ডেস্ক: পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, ভয়ভীতি বা ধমক দিয়ে ভোট নেওয়ার দিন শেষ। এখন কাউকে ধমক দিলে উল্টো তার ১০টা ভোট কমে যাবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, অতীতে দুর্নীতি, ডামি প্রার্থী এবং ‘রাতের নির্বাচন’-এর মতো প্রক্রিয়ার মাধ্যমে যে স্বৈরাচারী শাসনব্যবস্থা তৈরি হয়েছিল, সেই একই নির্বাচনী মেকানিজম আবার চালু হতে দেওয়া যাবে না। তাঁর দাবি, যারা পেশিশক্তি প্রদর্শন বা জোরজবরদস্তির মাধ্যমে ভোটের মাঠ দখল করতে চায়, তারা বাস্তবতা বুঝতে পারছে না।
তিনি বলেন, “এটা ২৪-এর আগের বাংলাদেশ না, এটা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ। এদের বয়স কম হতে পারে, কিন্তু এরা সেই ছাত্র-জনতা, যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, যদি নির্বাচন কমিশন কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে অতীতে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারদের যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেই চিত্র সবার সামনে স্মরণ রাখা উচিত।
সারজিস আলম আরও বলেন, তারা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। তাঁর অভিযোগ, কোনো অপশক্তি যদি ক্ষমতার অপব্যবহার, কালো টাকা বা হুমকি দিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তা রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেন, “নির্বাচন কমিশন আইনগতভাবে কী ব্যবস্থা নেবে জানি না, তবে ভোটের মাঠে অনিয়ম ঠেকাতে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলব।”
@ইয়াসমিন রিমা